বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ ভুলতেই ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ’। ক্রিকেটারদের নিয়ে তিনটি দল গঠন করে বিসিবি। সেই তিন দলের লড়াই শেষে ফাইনাল নিশ্চিত করেছে দুর্বার ও ধূমকেতু একাদশ। আজ সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লিটন দাসের ধূমকেতু ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। গ্রুপ পর্বে দুটি ম্যাচেই জয় পেয়েছে দুর্বার একাদশ। দুরন্ত একাদশকে হারিয়েছে ৭ উইকেটে। অন্যদিকে ধূমকেতুকে হারিয়েছে ২ উইকেটে। লিটন দাসদের ধূমকেতু গ্রুপ পর্বে হারিয়েছে দুরন্ত একাদশকে। জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার আছে ধূমকেতু একাদশে। লিটন দাসের নেতৃত্বে এ দলে খেলছেন সাইফ হাসান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তাসকিহ আহমেদ, তানজিদ ও তানজিমরা। অন্যদিকে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশে খেলছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ, জাকের আলি, খালেদ আহমেদ, মিরাজ, সাইফুদ্দিন, নুরুল হাসান, এলিস ইসলামরা। এ দলে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে যোগ হয়েছেন সাব্বির রহমান। গ্রুপ পর্বে দুর্বার একাদশ ধূমকেতুকে হারালেও আজ লিটন দাসরাই ফেবারিট হিসেবে খেলবেন। এ দলে জাতীয় দলের সেরা তারকারা রয়েছেন। তাছাড়া ফর্মেও আছেন সবাই। বিশেষ করে অধিনায়ক লিটন দাস নিজেই আছেন ফর্মে। অবশ্য নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগে বিপিএলে রাজশাহীকে চ্যাম্পিয়ন করিয়েছেন নেতৃত্ব দিয়ে। তার অধিনায়কত্ব বড় ভূমিকা রাখতে পারে আজকের ফাইনালেও।
আইসিসি টি-২০ বিশ্বকাপে খেলার জন্য ভালোই প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপালের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বদলে যায় সবকিছু। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসির কাছে অনুরোধ জানায় শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তর করতে। আইসিসি দীর্ঘ আলাপ-আলোচনার পর বাংলাদেশের আবেদন খারিজ করে দেয়। এরপর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ নিয়ে তৈরি হয় অনীহা। পাশের দেশেই বিশ্বকাপ হচ্ছে, অথচ বাংলাদেশে তার কোনো প্রভাবই নেই! তবে বিশ্বকাপ না খেলার দুঃখ ভোলা এত সহজেই সম্ভব নয়। যদিও আড়াই কোটি টাকারও বেশি প্রাইজমানি আছে। তার পরও বিশ্বকাপের আনন্দ কী আর পাওয়া যাবে ঘরোয়া ক্রিকেটে!