ফুটবলের মাঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে পা রেখে শুরুতেই বড় ধাক্কা খেল। গতকাল কলকাতার ইডেন গার্ডেনে আইসিসি টি-২০ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ইতালির বিপক্ষে ৭৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে ইউরোপের আরেক দেশ স্কটল্যান্ড। স্কটিশ ওপেনার জিওর্জি মুনসি ও অফ স্পিনার মাইকেল লিসেকের বোলিং দাপটে পাত্তাই পায়নি ইতালিয়ানরা। গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রানের পাহাড় গড়ে স্কটল্যান্ড। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম দুই শ রানের মাইলফলক স্পর্শ করল স্কটিশরা। এর আগে তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ১৮০ রান।
দলের হয়ে মুনসি ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৮৪ রান করেন। যা তার ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি। আরেক ওপেনার জোন্সও ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। শেষের দিকে ম্যাকমুলেন ১৮ বলে ৪ ছক্কায় খেলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে স্কটিশ বোলারদের তোপের মুখে পড়ে ইতালির ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৪ রানেই গুটিয়ে যায় নবাগত ইতালি। দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন বেন মানেন্তি। ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লিসেক। এ জয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান বেশ শক্ত করল স্কটল্যান্ড, আর বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইতালির।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২০ ওভারে ২০৭/৪ (মানজি ৮৪, জোন্স ৩৭, ম্যাকমুলেন ৪১*; হাসান ৪-০-২১-১, স্টুয়ার্ট ৪-০-৪৪-১, ড্রাকা ২-০-৩৭-১, স্মাটস ৪-০-৩৮-১)
ইতালি: ১৬.৪ ওভারে ১৩৪ (হ্যারি মানেন্তি ৩৭, বেন মানেন্তি ৫২; লস্ক ৪-০-১৭-৪, কারি ২-০-১২-১, হুইল ২.৪-০-২৯-১, ওয়াট ৪-০-২৪-২, ডেভিডসন ৩-০-৩৯-১)
ফল: স্কটল্যান্ড ৭৩ রানে জয়ী
ম্যাচসেরা: মাইকেল লিস্ক।