দিনটি বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে। মেয়েরা এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলছেন। আজই সেই স্বপ্নের অভিষেক। চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে। ফল যাই হোক না কেন আমি বলব ৫৪ বছরের ইতিহাসে দিনটি হবে বাংলাদেশের গৌরবের। আমি যতটুকু জানি ফুটবলে মেয়েদের শুরুটা বেশিদিনের নয়। শুনেছি শুরুতে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছিল। সব পেরিয়ে আমাদের বোনেরা এতদূর এসেছে। ট্রফির পর ট্রফি জিতেছে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে। যা নারী ফুটবলের অগ্রগতি ঘটিয়েছে। সাফের এমন কোনো টুর্নামেন্ট নেই যে, মেয়েরা চ্যাম্পিয়ন হয়নি।
বাছাই পর্ব পেরিয়ে জাতীয় দলে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়াটা গৌরবের। বাছাই পর্বে গ্রুপে শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে জায়গা পাওয়াটা বড় কৃতিত্বের। জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমি আফঈদা খন্দকারদের শুভ কামনা জানাই। গ্রুপে তিন প্রতিপক্ষই শক্তিশালী। তার পরও আশা রাখি আমাদের মেয়েরা ভালো খেলবে। আমি বলব, এশিয়ান কাপই বাংলাদেশকে আরও অনেক দূর নিয়ে যাবে। গোটা দেশই অপেক্ষায় থাকবে কখন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হবে।