ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে চেলসি। ৪-১ গোলের জয়ের দিনে এটিই ছিল প্রিমিয়ার লিগে তার প্রথম হ্যাটট্রিক। এ জয়ে টেবিলের পাঁচে উঠে এসে পরের মৌসুমে চ্যাম্পিয়ন লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়েও এগিয়ে গেল চেলসি।
ব্রাইটনের গোলকিপারের এক ভুলে ম্যাচে চাপে থেকেও শেষ হাসিটা হাসল আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলে বুধবার ১-০ ব্যবধানের কঠিন এক জয় তুলে নিয়েছে গানাররা। টানা তৃতীয় জয় নিয়ে লিগে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করল মিকেল আর্তেতার দল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দুইয়ে। কেননা, এদিন আরেক ম্যাচে দুবার এগিয়েও জিততে পারল না সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্ট ২-২ গোলে ড্র করে প্রতিপক্ষের মাঠে এক পয়েন্ট তুলে নেয়। এতে লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল পেপ গার্ডিওলার দল। এখন শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান ৭ পয়েন্টের। অন্যদিকে টানা দুই জয় ও সাত ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। দশজনের নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলরা। আসরে এ নিয়ে ছয় ম্যাচ হারল ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।