ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ-পাকিস্তান ৩ ম্যাচ সিরিজের ভবিষ্যৎ শঙ্কায় দুলছে। মধ্যপ্রাচ্যের সব বিমান চলাচল বন্ধ। বাংলাদেশে পুরোপুরি না হলেও নিয়মিত চলছে না বিমান। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দল ৯ মার্চ ঢাকায় ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আসবে কি না, এখনো নিশ্চিত নয়। তার পরও সিরিজকে সামনে রেখে সবার আগে পাকিস্তান ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার ক্রিকেটাররা আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে ফিরছেন গত অক্টোবরের পর। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মিরাজ বাহিনী। পাকিস্তান ২০১৫ সালের পর বাংলাদেশের মাটিতে খেলতে আসছে। যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তাতে ফিরেছেন টি-২০ অধিনায়ক লিটন দাসসহ আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। বাদ পড়েছেন জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারি। ইনজুরির জন্য জায়গা পাননি হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। স্কোয়াড ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘মাঝে আমরা অনেক ক্রিকেটারকে সুযোগ দিয়েছি। কিন্তু তারা সে সুযোগকে কাজে লাগাতে পারেননি। সেজন্য আফিফ ফিরেছেন। লিটন হয়তো দারুণ ছন্দে নেই। তার পরও অভিজ্ঞতার একটি মূল্য আছে।’ ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। দিবা-রাত্রির সব ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে।
ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।