পেশাদার ফুটবল লিগে টানা পাঁচবার শিরোপা জয়ের পর গত মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি বসুন্ধরা কিংস। তবে চলতি মৌসুমে হেক্সা (ষষ্ঠ শিরোপা) জয়ের খুব কাছাকাছি আছে দলটি। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে মারিও গোমেজের শিষ্যরা। এ জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে এককভাবে অবস্থান করছে বসুন্ধরা কিংস।
গতকাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছেন আনিসুর রহমান জিকোরা। ম্যাচের ২২ মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন হৃদয়। এরপরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে মারিও গোমেজের দল। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সানডের গোলে ব্যবধান ২-০ করে কিংস। দারুণ এ জয়ে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় পর্ব শুরু করল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এদিকে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। তারা ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ম্যাচের ২১ মিনিটে ব্রুনো ওলিভেইরার পেনাল্টি গোলে এগিয়ে যায় আবাহনী। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ব্রুনো ওলিভেইরা। ৭৩ মিনিটে কাজেম শাহর গোলে ব্যবধান ৪-০ করে আবাহনী। ম্যাচের যোগ করা সময়ে সলোমন কিংয়ের গোলে ব্যবধান কমালেও বড় পরাজয় রুখতে পারেনি রহমতগঞ্জ। এ জয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে আবাহনী। গতকাল বসুন্ধরা কিংস ও আবাহনী জয় পেলেও দিনের বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। আরামবাগ-ফকিরেরপুল ১-১ গোলে ড্র করেছে। ম্যাচে ৮০ মিনিটে কিজিটোর গোলে এগিয়ে যায় আরামবাগ। চার মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে ফকিরেরপুলকে সমতায় ফেরান লানসানা। ফকিরেরপুল ১০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে এবং আরামবাগ ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে। অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের ৭৩ মিনিটে শায়াক দোস্তের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। তবে ৭৮ মিনিটে পাওলো সান্তোসের গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। লিগে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে পুলিশ এফসি। ব্রাদার্স অবস্থান করছে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।
বাংলাদেশ ফুটবল লিগে আজ কঠিন ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও ফর্টিস এফসি। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে আছে ফর্টিস। অন্যদিকে মোহামেডান ৯ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে আছে ছয় নম্বরে। আজ জিতলে ফর্টিস ফের বসুন্ধরা কিংসের সমান্তরালে পৌঁছে যাবে।