মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচ। ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই হওয়ার কথা থাকলেও বর্তমান অস্থিরতায় ভেন্যু পরিবর্তনের জোর সম্ভাবনা দেখা দিয়েছে। নিরাপত্তা শঙ্কায় কাতার ইতোমধ্যে সব ধরনের ঘরোয়া ফুটবল স্থগিত করেছে। উয়েফা জানিয়েছে, ম্যাচটি নির্ধারিত সূচিতে মাঠে গড়াবে কি না, সে বিষয়ে আগামী সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আয়োজক হিসেবে কাতার বিশাল বিনিয়োগ করায় তারা দোহাতেই ম্যাচটি রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিকল্প হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের নাম শোনা যাচ্ছে; পাশাপাশি রোম ও মিলানকেও বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।