সানিক্স কাপ জাপানের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। যেখানে ইতালির এসি মিলান, ইন্টার মিলানের ইয়ুথ দলের মতো ক্লাব অংশগ্রহণ করে। এবার এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিকেএসপির অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। গতকাল রাতে জাপানের উদ্দেশে সানিক্স কাপ খেলতে যাত্রা করেছে দলটি। ফুকুওকা শহরে ১১-১৫ মার্চ অনুষ্ঠিত এ লিগে দেশটির ১৩টি দল ও তিনটি বিদেশি-বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দল অংশগ্রহণ করবে। বিকেএসপি দলে ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করবেন পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও জাইকার জাপানি কোচ কাই তাগুচি। ১৬টি দল চার গ্রুপে রাউন্ড রবিন লিগে খেলবে। বিকেএসপি জাপানের আরও তিনটি দলের সঙ্গে ডি গ্রুপে অংশ নিচ্ছে।