এএফসি নারী এশিয়ান কাপে মিশন শেষ করেছে বাংলাদেশ। চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের মতো ফুটবল শক্তির সঙ্গে লড়াই করেছেন আফঈদা খন্দকাররা। এশিয়ান ফুটবলের সেরা আসরে লড়াই করার অভিজ্ঞতা নিয়ে ফিরছেন দেশে। গতকাল অস্ট্রেলিয়ার পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। এর আগে চীনের কাছে ২-০ গোলে এবং উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তিন ম্যাচে ১১ গোল হজম করেছেন আফঈদারা। তবে এ পরাজয়গুলোর পরও এশিয়ান কাপে খেলার ঘটনাকেই বড় করে দেখছেন প্রধান কোচ পিটার বাটলার। প্রথমবারের মতো এশিয়ার সেরা এ আসরে খেলে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
গতকাল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই পিছিয়ে যায় বাংলাদেশ। উজবেকিস্তানের দিওরাখন খাবিবুল্লায়েভা বাংলাদেশের ডিফেন্স লাইনের ফাঁক গলে দারুণ শটে গোল করেন। এ গোলে পিছিয়ে পড়লেও প্রথমার্ধে বেশ লড়াই করে বাংলাদেশ। গোলের সুযোগ তৈরি করে বেশ কয়েকটি। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে বাংলাদেশ দারুণ কিছু আক্রমণ করে। তহুরা খাতুন দারুণ এক সুযোগ পেয়েছিলেন ডি বক্সের ভিতরে। গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি। তবে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠিকমতো শট নিতে পারেননি তহুরা। গোল করার দারুণ সুযোগ হারায় বাংলাদেশ। তহুরার পর সুযোগ পেয়েছিলেন কোহাতিও। তবে তিনিও শট পোস্টে রাখতে পারেননি। মারিয়া মান্ডাও বক্সের সামনে বল পেয়ে গোলমুখে জোরালো শট নিয়েছিলেন। তবে তার শট গোলবারের খানিকটা ওপর দিয়ে চলে যায়। ম্যাচের ৩০ মিনিটে ঋতুপর্ণাও গোলের দারুণ একটা সুযোগ পেয়েছিলেন। কাউন্টার আক্রমণে বল পেয়ে গোলমুখে জোরালো শট নেন ঋতুপর্ণা। তবে উজবেক গোলরক্ষক মাফতুনা লাফিয়ে এক হাত দিয়ে গোল বাঁচান। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ডিফেন্সের দুর্বলতায় গোল করার সুযোগ কাজে লাগায় উজবেকিস্তান। ৬২ ও ৬৬ মিনিটে আরও দুটি গোল করেন খাবিবুল্লায়েভা। ম্যাচের ৮৮ মিনিটে নিলুফার কুদরাতোভার গোলে ব্যবধান ৪-০ করে উজবেকিস্তান। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতেই পারেনি।
বাংলাদেশ ছাড়ার আগে উজবেকিস্তান ম্যাচটাকেই টার্গেট করেছিলেন আফঈদা খন্দকাররা। তবে তুলনামূলকভাবে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষেই ভালো খেলেছে বাংলাদেশ। গতকাল জয় পেলে দারুণ এক সুযোগ আসত আফঈদাদের সামনে। বিশ্বকাপে খেলার সুযোগ। তবে সেই সুযোগ এখন অপেক্ষা করছে উজবেকিস্তানের সামনে। গতকাল বড় ব্যবধানে জয় পেয়ে উজবেকিস্তান গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে নিয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনাল খেলবে। এ ছাড়া তিনটি গ্রুপের তিন নম্বরে থাকা দলগুলোর মধ্যে শীর্ষ দুটি দল খেলবে শেষ আটে। তিন নম্বরে থাকা দলগুলোর মধ্যে উজবেকিস্তানের গোল ব্যবধান -২। ভিয়েতনামের গোল ব্যবধান শূন্য (০)। আজ জাপানের সঙ্গে ম্যাচ আছে তাদের। অন্যদিকে ফিলিপাইনের গোল ব্যবধান -২ হলেও ডিসিপ্লিনারি পয়েন্টে পিছিয়ে আছে তারা। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। শেষ আটের লড়াইয়ে কোরিয়ানদের কাছে হারলেও প্লে-অফ খেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সুযোগ পাবে উজবেক মেয়েরা। এবারের এশিয়ান কাপ থেকে শীর্ষ ছয়টি দল খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। চার সেমিফাইনালিস্ট সরাসরি বিশ্বকাপ খেলবে। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে পরাজিত চার দল প্লে-অফ খেলবে। সেখান থেকে দুটি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ গতকাল জয় পেলে এ সুযোগটা পেতে পারত।