পেশাদার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে ঢাকা আবাহনীর শুরুটা হয়েছে দুরন্ত। ৪-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছিল তারা। দুই দিন পর দুটি দল আজ আবার মুখোমুখি হচ্ছে। তবে তা ফেডারেশন কাপে। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি আবাহনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ‘এ’ গ্রুপে তারা দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন ৪ ও ১ ম্যাচ খেলে পিডব্লিউডির অ্যাকাউন্টে ৩ পয়েন্ট। রহমতগঞ্জ ১ ম্যাচে ১ পয়েন্ট। ইয়ংমেন্স ফকিরেরপুল দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। কোয়ালিফায়ারের সম্ভাবনা উজ্জ্বল করতে আবাহনীকে জিততেই হবে। না হলে ঝুঁকিতে পড়ে যাবে। ‘এ’ গ্রুপে আজ ব্রাদার্স ইউনিয়ন ও পিডব্লিউডি লড়বে। বসুন্ধরা কিংস অ্যারিনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যারা জিতবে কোয়ালিফায়ার অনেকটা নিশ্চিত হয়ে যাবে।
এ দিকে ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংসও চাপে আছে। দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফর্টিস এফসি ও ঢাকা মোহামেডান ৩টি করে ম্যাচ খেলে ৫ পযেন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্য শীর্ষে রয়েছে ফর্টিস। দুই ম্যাচে পুলিশের সংগ্রহ ছিল ৩ পয়েন্ট। আরামাবাগ দুই ম্যাচ খেলে কোনো পয়েন্টই সংগ্রহ করতে পারেনি। ৭ এপ্রিল আরামবাগ ও ২১ এপ্রিল তারা পুলিশের বিপক্ষে খেলবে। কোয়ালিফায়ারে খেলতে দুই ম্যাচ জিততেই হবে কিংসকে।