দায়িত্ব নিয়ে ক্রিকেটারদের প্রতি বাড়তি মনোযোগ দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুযোগসুবিধা বাড়াতে মনোযোগী হয়েছেন। ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি এবং বেতন বাড়িয়েছেন। দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যে মাঠে ফেরাচ্ছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বৈঠক করে ক্লাবগুলোকে অনুরোধ করেন মাঠে ফিরতে। ক্লাবগুলো খেলতে সম্মতি জানিয়েছে। ক্লাবগুলো ইতঃপূর্বে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ‘অবৈধ’ বলে প্রিমিয়ার ক্রিকেট বয়কট করেছে। ১২ ক্লাবের সবাইকে নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে লিগ শুরুর সম্ভাব্য তারিখ ৫ মে। দলবদল ২১ ও ২২ এপ্রিল। ক্লাবগুলোর অনুদান ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। লিগে এবার কোনো সুপার সিক্স থাকছে না। গত আসরের মতো বিদেশি ক্রিকেটারও খেলবে না। বিদেশি ক্রিকেটার না খেলানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে মূলত ২০২৭ সালে ওয়ানডে ক্রিকেটকে সামনে রেখে।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে বিসিবির নির্বাচনে কারসাজির অভিযোগ প্রমাণিত হওয়ায়। ক্লাব এবং জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বিভিন্ন জনের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমা দেওয়ার দুই দিনের মাথায় বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অবশ্য বুলবুলের বোর্ড চেষ্টা করেছিল প্রিমিয়ার ক্রিকেট মাঠে গড়ানোর। কিন্তু ক্লাবগুলো বেঁকে বসায় প্রিমিয়ার ও তৃতীয় বিভাগ লিগ হতে পারেনি। তামিম নেতৃত্বে আসার পর জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটে ৯৫ ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বোর্ড। পুুরুষদের ‘এ’ ক্যাটাগরির বেতন ৩৫ থেকে বাড়িয়ে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৫ থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। জাতীয় লিগের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। নারী ক্রিকেটারদের ঘরোয়া টি-২০ ও ওয়ানডে ম্যাচ ‘ফি’ ছিল ৫ হাজার টাকা। এখন টি-২০ ক্রিকেটে ১০ হাজার এবং ওয়ানডেতে ১৫ হাজার টাকা। চার দিনের ম্যাচ ফি ৮ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। ঘরোয়া চুক্তির ৩৫ ক্রিকেটারের বেতন ৩০ থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে। বিসিবি সভাপতি নতুন করে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট আয়োজন করতে। গত বোর্ডে ৭৬ ক্লাবের ৪৫টি বয়কটে প্রথম বিভাগে ২০ ক্লাবের ১২টি এবং দ্বিতীয় বিভাগে ২৪ ক্লাবের ১২টি নিয়ে লিগ হয়েছিল।