হাবিবুল বাশার সুমন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক। ক্যারিয়ার শেষ করেছেন প্রায় দুই দশক। ক্যারিয়ার শেষে ক্রিকেট নিয়েই কাজ করছেন। দায়িত্ব পালন করেছেন নির্বাচকের। এখন প্রধান নির্বাচক। দায়িত্ব পেয়েছেন কিছুদিন আগে। ক্রিকেটার নির্বাচন প্যানেলে তার সঙ্গী হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।
বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের প্রথম অফিশিয়াল অ্যাসাইনমেন্ট আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। ট্রান্স-তাসমান সাগরপাড়ের দেশটি ১৩ এপ্রিল ঢাকায় আসছে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে। ব্ল্যাকক্যাপসদের সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। নিউজিল্যান্ড অনেক দিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে। বাশারের নেতৃত্বে নির্বাচক প্যানেল প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে গতকাল। স্কোয়াডে কোনো চমক নেই। কোনো নতুন মুখ নেই। পাকিস্তান সিরিজে যে স্কোয়াড খেলেছিল, সেই স্কোয়াডই রেখেছে বিসিবি। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল চেয়ারে বসার পর এটাই ঘরের মাঠে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে দুটি ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে। ২ মে মিরপুরে খেলা। বিদ্যুৎ সাশ্রয়ে ওয়ানড সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। আগের শিডিউলে সময় ছিল দুপুর ২টা। টি-২০ সিরিজের সময়ও এগিয়ে এসেছে। সন্ধ্যা ৬টার ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
নিউজিল্যান্ড সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ বছর আগে ঘরের মাঠে টি-২০ সিরিজটি বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে। পাঁচ বছরের মধ্যে দুই দেশ ওয়ানডে, টি-২০ খেলেছে। কিন্তু ঘরের মাঠে মিরাজরা খেলছেন পাঁচ বছর পর। সিরিজে মিরাজ বাহিনী খেলবে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে। সিরিজটি মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট নম্বরে থাকতে হবে। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরে। ৪ নম্বরের দল নিউজিল্যান্ডকে হারালে আট নম্বরে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাবে।
বাংলাদেশ সফরের চেয়ে আইপিএলকে বাড়তি গুরুত্ব দিয়েছেন নিউজল্যান্ডের ক্রিকেটাররা। সেজন্য দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসছে টম ল্যাথামের নেতৃত্বে ব্ল্যাকক্যাপসরা। নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার, রাচিন রবীন্দ্ররা আইপিএল খেলছেন। পিএসএল খেলার জন্য সফর থেকে সরিয়ে নিয়েছেন ২৮ বছর বয়সি পেসার বেন সিয়ার্স। ছন্দে না থাকার পরও টিকে গেছেন সাইফ হাসান। ৯ ওয়ানডে ক্যারিয়ারে একটি মাত্র হাফ সেঞ্চুরি তার। পাকিস্তান সিরিজের তিন ম্যাচে রান করেছেন মাত্র ৫২। তারপরও বাশার বাহিনী তার ওপর আস্থা রেখেছেন। এবার রান না করলে হয়তো জায়গা হারাবেন। টিকে গেছেন আফিফ হোসেনও। রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস। মিরাজ ওয়ানডে অধিনায়ক, লিটন টি-২০ অধিনায়ক এবং নাজমুল টেস্ট অধিনায়ক।
পাকিস্তান সিরিজ শেষ করে পিএসএল খেলছিলেন তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। খেলছেন পারভেজ হোসেন ইমনও। ইমন ছাড়া বাকি পাঁচ ক্রিকেটারকে এনওসি দেওয়া হয়েছিল ১২ এপ্রিল পর্যন্ত। আজ শেষ হচ্ছে মেয়াদ। এই পাঁচ ক্রিকেটার ওয়ানডে খেলতে আজ দেশে ফিরছেন।
বাংলাদেশ স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।