আরেকটি ট্রফি জেতার পথে এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবল লিগে অভিষেকের পর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। যা ৭৮ বছরে ঘরোয়া আসরের ইতিহাসে আর কোনো ক্লাব পারেনি। গেল মৌসুমে তা আর ধরে রাখতে পারেনি। এক মৌসুমের পর আবারও লিগের ট্রফি শোকসে তুলতে চলেছে তারা। বড় কোনো অঘটন না ঘটলে কিংসেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। তা হলে ৭৮ বছরের লিগ ইতিহাসে কিংস যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ছয়বার লিগ জিতবে। ওয়ান্ডারার্স এখন পর্যন্ত ছয়বার লিগ জিতেছে। মোহামেডান সর্বোচ্চ ২০, আবাহনী দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র আট বছরে অভিষেকের মধ্যে ছষ্ঠবার লিগ জেতাটা হবে নিঃসন্দেহে কৃতিত্বের।
গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় নিজেদের ভেন্যুতে কিংস ২-১ গোলে পরাজিত করেছে আরামবাগকে। এ জয়ের ফলে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষেই থাকল লাল রঙের জার্সিধারীরা। সমান ম্যাচে ২৪ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে ফর্টিস এফসি। গতকাল তারা পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে। আগের দিন মোহামেডানকে হারানোয় ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা আবাহনী। শিরোপা লড়াই বলতে যা বোঝায় শেষ পর্যন্ত তিন দলেরই মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে কিংস ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল আরামবাগকে। ফুটবলপ্রেমীদের ধারণা ছিল ঘরের মাঠেও আরামে জিতবে পয়েন্টে শীর্ষে থাকা দলটি। দ্বিতীয় লেগে জয় পেয়েছে ঠিকই, তবে রেফারির শেষ বাঁশি বাজা না পর্যন্ত ডরিয়েলটনরা টেনশনে ছিলেন। কেননা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ১ গোল শোধ করে দেয় আরামবাগ। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই স্বস্তিতে মাঠ ছেড়েছে কিংস।
দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে স্বাভাবিকভাবে শুরু থেকে চেপে ধরেন ডরিয়েলটন, সানডেরা। তবে গোল করার মতো সুযোগ তারা তৈরি করতে পারেননি। এর মধ্যে আবার আরামবাগও আক্রমণ চালায়। ২৪ মিনিটে ডরিয়েলটন গোল করলে বসুন্ধরার শিবিরে স্বস্তি নেমে আসে। রাকিবের কাছ থেকে বল পেয়ে ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড বুদ্ধিমত্তার সঙ্গে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে রাখেন। ১৩ গোল করে এখন তিনি গোলদাতার শীর্ষে রয়েছেন। চার মিনিট পরই কিংস ব্যবধান দ্বিগুণ করে। ডরিয়েলটনের আড়াআড়ি ক্রশে এমানুয়েল সানডে হেডে জালে বল পাঠান।
প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকায় মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধে ব্যবধানটা আরও বড় করবে কিংস। কিন্তু আরামবাগ ভয়ংকররূপ ধারণ করে। ৫৫ মিনিটে কিজিতো কেওয়ামে আরামবাগের পক্ষে গোল করলেও রেফারি তা বাতিল করে দেন। তারপরও ৬০ মিনিটে আরামবাগের ল্যানটেন মিলস গোল করে ব্যবধান কমান। বাকি সময়ে কিংস যেমন আক্রমণ চালিয়ে ছিল তেমনি আরামবাগও ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত কিংসই জিতে যায়।
গত মঙ্গলবার কিংস অ্যারিনায় ফেডারেশন কাপের গ্রুপের ম্যাচে প্রথমে গোল হজম করেও ২-১ গোলে পুলিশ হারায় ফর্টিসকে। সেই পুলিশই গতকাল গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে একই প্রতিপক্ষের কাছে ০-২ গোলে হেরে যায়। বিজয়ী দলের মিঠু ও পিয়াস গোলগুলো করেন।