ক্রিকেট ও ফুটবল ঘিরেই আলোচনা হচ্ছে বেশি। অথচ হকি যে দেশের অন্যতম জনপ্রিয় খেলা তা অনেকেই হয়তো ভুলতে বসেছেন। ফুটবলের পেশাদারের আসরগুলো নিয়মিত হচ্ছে। বয়সভিত্তিক দলের সাফল্যও আসছে। তাই এ খেলা নিয়ে আলোচনা হতেই পারে। ক্রিকেট তো বরাবরই সবার মুখে মুখে। জয় বা হার এ খেলা নিয়ে আলোচনা হবেই। বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের পর তো সংসদেও আলোচনা তুঙ্গে। এতেই বোঝা যায়, ক্রিকেটকে কতটা গুরুত্ব দেয় প্রভাবশালী মহল। খেলোয়াড়দের বেতন প্রথা ও কার্ড চালু নিয়েও হইচই পড়ে গেছে। সবই হচ্ছে, কেন জানি হকিটাই আড়ালে পড়ে যাচ্ছে।
একজন যোগ্য ক্রীড়াবিদ আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সবাই আশা করছেন সব খেলাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে। তবে বাংলাদেশে তো ব্যাঙের ছাতার মতো ক্রীড়া ফেডারেশন গড়ে উঠেছে। যে খেলা বাংলাদেশে চলে না বা জানেই না সে খেলারও ফেডারেশন গড়ে উঠেছে। তাই তো অনেকে বলছেন সব তো সম্ভব নয়, যেসব খুব জরুরি সেই খেলাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। দায়িত্ব পাওয়ার পর আমিনুল যথেষ্ট পরিশ্রম করছেন। প্রায়ই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাও করছেন। একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে তাঁর মুখ থেকে হকি তেমন উচ্চারিত হচ্ছে না। অথচ ফুটবল ও ক্রিকেটের পর হকিই দেশের তৃতীয় জনপ্রিয় খেলা। একসময় তো জনপ্রিয়তার দিক দিয়ে ফুটবলের পরেই ছিল হকির অবস্থান। আমিনুল ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে থেকেই হকির হযবরল অবস্থা। মাঝে বয়সভিত্তিক দল বিশ্বকাপ খেলায় হকি প্রশংসিত হচ্ছিল। তাও আবার ছিল আমিরুল ইসলামের ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে। হকি যে অন্ধকারে বন্দি এ নিয়ে কেউ দ্বিমত করবে বলে মনে হয় না। অন্তর্বর্তী সরকার এসে হকি নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক বডি গঠন করেছিল। এতে চাকা সচল হওয়ার বদলে আরও অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে লিগের দেখা নেই। দুই বছরের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগ মাঠে নেই। প্রথম, দ্বিতীয় বিভাগ সবই তো অন্ধকারে। মাঠে খেলা না থাকায় কতটা যে খারাপ অবস্থা হয় তা টের পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে এশিয়ান গেমসে হকির বাছাইপর্বে। বাংলাদেশ যে বাছাইপর্ব খেলছে এটাই তো আশ্চর্যের। সেখানেই কি না ৫-৬ স্থান নির্ধারণী ম্যাচ খেলে জায়গা পেতে হয়েছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছে। ২০ বছর পর লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় দল। যে দেশকে গোলের বন্যায় ভাসায় সেই উজবেকিস্তানের বিপক্ষেও হারতে হারতে ড্র করেছে। হকির মান কত যে নিচে নেমে গেছে এতেই প্রমাণ মেলে।