স্প্যানিশ লা লিগায় ৯ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। গতকাল ঘরের মাঠে শহুরে প্রতিপক্ষ এসপানিওলকে ৪-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল । ফেরান তোরেস দুটি গোল করেন। এই দুটি গোলেই অ্যাসিস্ট করেন লামিন ইয়ামাল। এ ছাড়া একটি গোল করেন ইয়ামাল। অপর গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড। এদিকে শুক্রবার গভীর রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের প্রত্যাশা পূরণে আরও একবার ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের ক্ষত শুকানোর আগেই লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। এতে শিরোপা জয়ের পথ কঠিন করে তুলল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৫১ মিনিটে ফেদরিকো ভালভার্দের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি; ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে থমাস লেমারের এক দুর্দান্ত শটে সমতায় ফেরে জিরোনা। রিয়ালের ড্রয়ের পর বার্সেলোনার জয় লা লিগার গতিপথ অনেকটাই নিশ্চিত করে দিল। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সামনে এল ক্ল্যাসিকোর লড়াই আছে। তবে সে লড়াইয়ে জয়ী হলেও লিগ জয় করতে পারবে না রিয়াল মাদ্রিদ। শিরোপা পুনরুদ্ধারের জন্য রিয়ালকে এখন বার্সার পরাজয়ের অপেক্ষায় থাকতে হবে!