ফর্মুলা ওয়ানে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্ব ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন ব্রিটিশ তারকা ল্যান্ডো নরিস। চার বছর ধরে চলা ম্যাক্স ভার্স্টাপেনের নিরঙ্কুশ রাজত্বের অবসান ঘটল রোমাঞ্চকর এক ফাইনালের মধ্য দিয়ে।
আবু ধাবিতে অনুষ্ঠিত মৌসুমের শেষ রেসে নরিস তৃতীয় স্থানে শেষ করেন। রেসে জয়ী হন সদ্য সাবেক চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টাপেন এবং দ্বিতীয় হন নরিসেরই ম্যাকলারেন সতীর্থ ও শিরোপার অপর প্রতিদ্বন্দ্বী অস্কার পিয়াস্ট্রি। এই ফল সত্ত্বেও, মাত্র দুই পয়েন্টের ব্যবধানে শিরোপা নিশ্চিত করেন নরিস।
ফিনিশ লাইন পেরোনোর পর নরিসের টিম ইঞ্জিনিয়ার যখন তাঁকে জানান, দ্যাটস ইট, মেট, ইউ আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন! তখন আবেগে ভেসে যান এই তরুণ ড্রাইভার। নরিস বলেন, ধন্যবাদ বন্ধুরা, আপনারা একটা ছোট ছেলের স্বপ্ন সত্যি করে দিলে। অনেকদিন কাঁদিনি। ভাবিনি কাঁদব, কিন্তু কেঁদে ফেললাম।
মরুভূমির রাতের আলো ঝলমলে ইয়াস মেরিনা সার্কিটের পোডিয়ামে নরিস আরও বলেন, আমার মা-বাবাকে ধন্যবাদ জানাতে চাই; তারা প্রথম থেকেই আমাকে সমর্থন করেছেন। সত্যি অসাধারণ লাগছে, এখন একটু বুঝতে পারছি ম্যাক্স-এর কেমন লাগে! আমি ম্যাক্স এবং অস্কার দুজনকেই অভিনন্দন জানাই, পুরো বছরটা দারুণ উপভোগ করেছি।
ফর্মুলা ওয়ানের বর্তমান সার্কিটে অন্যতম শীর্ষ চালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ল্যান্ডো নরিসকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। ম্যাকলারেনে তাঁর প্রথম কয়েক বছর ছিলো নড়বড়ে। তবে, ২০২১ সালে রাশিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সে তার প্রথম জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত, শেষ মুহূর্তের আবহাওয়া বুঝতে ভুল করায় তিনি ওয়েট টায়ারের জন্য পিট স্টপ নেননি, যার ফলস্বরূপ সেই জয় হাতছাড়া হয়।
তবে নরিস আস্থা হারাননি। রেড বুলের আগ্রহ থাকা সত্ত্বেও তিনি ম্যাকলারেনের সঙ্গে দুটি চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ম্যাকলারেনের সিইও জ্যাক ব্রাউন জানান, এটি সম্ভব হয়েছে সম্পর্ক, স্বচ্ছতা এবং আমরা যা করছিলাম তা স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ার জন্য। নরিস প্রথম দিন থেকেই এই দলটিকে তাঁর পরিবার হিসেবে মেনে নিয়েছেন।
২০২৩ সালের মাঝামাঝি থেকে নরিসের ক্যারিয়ার গ্রাফে পরিবর্তন আসতে শুরু করে। সেই বছরের ডিসেম্বরে অ্যান্ড্রিয়া স্টেলা টিম প্রিন্সিপাল হিসেবে ব্রাউনের প্রস্তাব গ্রহণ করার পর ম্যাকলারেনের ইঞ্জিনিয়ারিং গ্রুপে পুনর্গঠন শুরু হয়।
২০২৪ সালের শুরুতে ম্যাকলারেনে যোগ দেন কার্লিন, যিনি পাঁচ বছর আগে এফ২-এ নরিসের সঙ্গে কাজ করেছিলেন। তিনি বলেন, আমি ইঞ্জিনিয়ারিং সেশনে বসে তাঁকে প্রতিক্রিয়া দিতে শুনলাম, এবং আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি এই কিশোরের উন্নতি দেখে বিশ্বাস করতে পারিনি, যে এফ২-এর একজন সফল ড্রাইভার এবং এফ৩ ও এফ৪ চ্যাম্পিয়ন ছিল। এটা ছিল অবিশ্বাস্য।
ফর্মুলা ওয়ানে প্রথম পাঁচ বছরে একজন সম্ভাবনাময় চালক থেকে তিনি বিশ্বের সেরাদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবে তখনও শেখার অনেক কিছু বাকি ছিল।
২০২৪ সালের শুরুটা ধীরগতিতে হলেও, মে মাসে মায়ামি গ্রাঁ প্রি-তে ম্যাকলারেন গাড়ির উন্নতি দলকে সম্পূর্ণ প্রতিযোগিতামূলক করে তোলে। সেই সপ্তাহান্তে নরিস তার ১১তম গ্রাঁ প্রিতে প্রথম জয় অর্জন করেন এবং পরে আরও তিনটি জয় নিশ্চিত করেন। একপর্যায়ে মনে হচ্ছিল তিনি শিরোপার জন্য চ্যালেঞ্জ জানাতে পারেন। শেষ পর্যন্ত, বছরের প্রথম পাঁচটি রেসে রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন যে বিশাল ব্যবধান তৈরি করে ফেলেছিলেন, তা অতিক্রম করা সম্ভব হয়নি। এর মধ্যে নরিসের কিছু ছোটখাটো ভুলও ছিল।
নরিসের এই উন্নতি এক বছর ধরে দ্রুত গতিতে চলছে। কার্লিন আরও উল্লেখ করেন যে নরিস সবসময়ই তাঁর দুর্বলতা ও শক্তি সম্পর্কে খুব খোলাখুলি আলোচনা করেন। অনেকেই এটিকে দুর্বলতা হিসেবে দেখলেও, কার্লিনের মতে এটিই তার সবচেয়ে বড় শক্তি। এই খোলামেলা মনোভাবকে তিনি একটি উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। মৌসুমের শুরুতে গাড়ির বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মানিয়ে নিতে তাঁর সমস্যা হচ্ছিল, কিন্তু সেই সময়ে তিনি আসলে নিজেকে আরও উন্নত করছিলেন, যা এই মৌসুমে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
সূত্র: আল জাজিরা, বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল