ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানা গেছে। সাও পাওলোর হয়ে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার হৃদ্যন্ত্রসংক্রান্ত একটি সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিবেন।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাও পাওলোর ট্রেনিং গ্রাউন্ডে একটি ইন্টারভাল টেস্টের সময় এক্সারসাইজ বাইক ব্যবহার করছিলেন অস্কার। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসা
পরীক্ষায় জানা যায়, তিনি ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপে’ আক্রান্ত হয়েছেন, এটি এমন একটি অবস্থা, যেখানে হঠাৎ হৃদ্স্পন্দন ও রক্তচাপ কমে গিয়ে অজ্ঞান হওয়ার ঝুঁকি তৈরি হয়।
৩৪ বছর বয়সী এই খেলোয়াড় ইতিমধ্যে সাও পাওলো, চেলসি এবং চীনা ক্লাবে দীর্ঘ সময় খেলে ক্যারিয়ারের সফলতা অর্জন করেছেন। চেলসিতে খেলাকালীন তিনি ২০৩ ম্যাচে ৩৮ গোল করেছেন এবং দুইটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ ও একটি লিগ কাপ জিতেছেন। জাতীয় দলের জার্সিতে ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন এবং কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপ জয়ও রয়েছে।
অস্কার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে, ঈশ্বর চাইলে।’ কয়েক দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিতে পারেন।
বিডি-প্রতিদিন/আশফাক