জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলাম এলেই আলোচনায় চলে আসেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। কাটার বৈচিত্র্য আর ডেথ ওভারে কার্যকারিতার কারণে বিদেশি ক্রিকেটারদের তালিকায় আলাদা গুরুত্ব পান তিনি। আগামী ১৬ ডিসেম্বর আসন্ন আইপিএলের মিনি নিলামকে সামনে রেখে আবারও ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্ভাব্য টার্গেটের আলোচনায় উঠে এসেছে মুস্তাফিজের নাম। প্রশ্ন একটাই- এবার কোন দলে জায়গা করে নেবেন এই ‘কাটার মাস্টার’?
২০২৬ আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি রুপি। সর্বোচ্চ এই ক্যাটাগরিতে তার সঙ্গে আছেন আরও ৩৯ ক্রিকেটার। নিলামে নাম আছে আরও ছয় বাংলাদেশির-তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।
নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে সম্ভাব্য টার্গেট নিয়ে পূর্বাভাস দিয়েছে ক্রিকবাজ। তাদের মতে, মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হতে পারে দুটি দল- চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। ২০২৪ আসরে চেন্নাইয়ের হয়ে এবং সর্বশেষ আসরসহ তিনবার দিল্লির জার্সিতে খেলেছেন মুস্তাফিজ। ফলে পরিচিত এই দুই শিবিরের একটিতেই আবার তাকে দেখা যেতে পারে বলে ধারণা।
চেন্নাই মিনি নিলামের আগে তাদের অন্যতম পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। ইনজুরি শঙ্কায় থাকা এই পেসারকে তারা আবারও ফেরাতে পারে। তবে ডেথ ওভারের জন্য নাথান এলিসের সঙ্গে আরেকজন নির্ভরযোগ্য পেসারের খোঁজে আছে চেন্নাই। নিলামে তাদের হাতে আছে ৪৩ দশমিক ৪০ কোটি রুপি, ফাঁকা স্লট ৯টির মধ্যে ৪টি বিদেশির। গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় এবার শক্তিশালী স্কোয়াড গড়াই তাদের লক্ষ্য থাকবে।
অন্যদিকে, দিল্লির হয়ে গত আসরে লিগ পর্বের শেষ দিকে তিনটি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। দলটি সেমিফাইনাল খেলতে না পারায় এবার ডেথ ওভার বোলিংয়ে জোর দিতে পারে। দিল্লির হাতে আছে ২১ দশমিক ৮০ কোটি রুপি, ফাঁকা স্লট ৮টির মধ্যে ৫টি বিদেশি। স্থানীয় পেসার টি নাতারাজনের ফিটনেস নিয়েও শঙ্কা থাকায় মিচেল স্টার্কের পাশে আরেকজন পেসার চাইবে তারা। সেই তালিকায় মুস্তাফিজের নামও রয়েছে।
আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতই খেলছেন বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে, আসন্ন মিনি নিলামে মুস্তাফিজকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। চেন্নাই না দিল্লি- কোন জার্সিতে আবার মাঠে নামবেন বাংলাদেশি এই পেসার, সেটিই এখন দেখার অপেক্ষা।
বিডি-প্রতিদিন/তানিয়া