বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির অধীনে লিগ আয়োজন নিয়ে তৈরি হওয়া অচলাবস্থায় এবার মুখ খুলেছেন তামিম ইকবাল। বিসিবির সামনে ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ক্লাবগুলো বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কটের ঘোষণা দেয়। এর প্রভাব পড়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগেও। রবিবার থেকে শুরু হওয়া লিগে ২০টি ক্লাবের মধ্যে অংশ নেয়নি ৮টি ক্লাব। নির্ধারিত চার ম্যাচের মধ্যে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ।
লিগের এই পরিস্থিতির আগে শনিবার আটটি ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি দেন। বিসিবি কার্যালয়ের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন তারা।
এই ঘটনায় রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তামিম ইকবাল লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের ক্রিকেটাররা নিজেদের দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের অধিকার এবং যার যৌক্তিক কারণও রয়েছে।
তিনি আরও লেখেন, অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হলেও আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাখেন।
বিডি প্রতিদিন/আশিক