ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাদের ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা আর্সেনালের আরও কাছাকাছি পৌঁছালো সিটিজেনরা।
ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে আজকের ম্যাচে বেশ আত্মবিশ্বাসী ছিল ক্রিস্টাল প্যালেস। কিন্তু ম্যানচেস্টার সিটির আক্রমণাত্মক ফুটবলের সামনে সেই আত্মবিশ্বাস বেশিক্ষণ টেকেনি। ম্যানসিটির গোলমেশিন আর্লিং হালান্ড এদিনও ছিলেন স্বমহিমায়, আদায় করে নিয়েছেন জোড়া গোল। অন্য গোলটি করেছেন ইংলিশ তারকা ফিল ফোডেন।
বল দখলের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। প্রথমার্ধের শেষলগ্নে, ম্যাচের ৪১তম মিনিটে গোলের দেখা পায় সিটিজেনরা। ম্যাথায়াস নুনেসের চমৎকার ক্রস থেকে হেডে গোল করতে ভুল করেননি নরওয়ের তারকা আর্লিং হালান্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় গার্দিওলার দল। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। রাইট উইং থেকে আক্রমণে উঠে আসা রায়ান সেরকির কাছ থেকে বল পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। স্কোরলাইন দাঁড়ায় ২-০।
ম্যাচের শেষদিকে, ৮৯তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বিপজ্জনক পরিস্থিতিতে থাকা স্যাভিনহোর পা টেনে ধরেন প্যালেসের গোলকিপার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে, সেখান থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
এই জোড়া গোলের সুবাদে, হালান্ড লিগে ১৬ ম্যাচে তার গোল সংখ্যা নিয়ে গেলেন ১৭-তে। যা তাকে গোলদাতাদের তালিকায় শীর্ষে ধরে রেখেছে।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ১১ জয়, এক ড্র এবং চার হারে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও মজবুত করলো ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থানে আছে আর্সেনাল। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অ্যাস্টন ভিলা।
বিডি প্রতিদিন/নাজমুল