দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আবার এগিয়ে গেল ভারত। তৃতীয় ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিল সুরিয়াকুমার যাদাভের দলটি।
ধারামসালায় রবিবার ম্যাচের চতুর্থ বলেই প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার আর্শদিপ সিং। শুরু থেকেই সুইং বোলিংয়ে চাপে রাখেন তিনি। পুরো ইনিংসজুড়ে ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে দক্ষিণ আফ্রিকা শেষ বলে অলআউট হয়ে যায় মাত্র ১১৭ রানে।
দলের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক এইডেন মার্করাম। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ বলে ৬১ রান করেন তিনি। দুই অঙ্কে যেতে পারেন কেবল ডনোভান ফেরেইরা (২০) ও আনরিখ নরকিয়া (১২)।
জাসপ্রিত বুমরাহ ও আকসার প্যাটেল না থাকলেও ভারতের বোলিং আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি। ছয়জন বোলারই উইকেটের দেখা পান। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন আর্শদিপ সিং। স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১১ রানে নেন ২ উইকেট। হার্শিত রানা ও কুলদীপ যাদাভও শিকার ধরেন দুটি করে।
জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় কোনো বিপদে পড়তে হয়নি। ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
অভিষেক শর্মা করেন ৩৫ রান, শুভমান গিল ২৮, তিলক ভার্মা অপরাজিত থাকেন ২৬ রানে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
বিডি-প্রতিদিন/আশফাক