আর মাত্র একটি উইকেটের অপেক্ষা ছিল। খুব বেশি সময় লাগেনি হার্দিক পান্ডিয়ার। নিজের প্রথম ওভারেই কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য কীর্তি গড়লেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম পেস বোলিং অলরাউন্ডার হিসেবে অন্তত এক হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করলেন পান্ডিয়া। এই সংস্করণে তার হাজার রান আগেই হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে শততম উইকেটটি তুলে নেন তিনি।
৯৯ উইকেট নিয়ে রবিবার ধারামসালায় ম্যাচে নামেন পান্ডিয়া। সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই ষষ্ঠ বলে ট্রিস্টান স্টাবসকে আউট করে পূর্ণ করেন উইকেটের সেঞ্চুরি। অফ স্টাম্পের বাইরের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন স্টাবস।
হার্দিকের আগে টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি গড়েছিলেন চারজন ক্রিকেটার। তবে তারা সবাই স্পিনিং অলরাউন্ডার। সাকিব আল হাসান, মোহাম্মদ নাবি, সিকান্দার রাজা ও ভিরানদিপ সিং। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এই কীর্তি প্রথমবার গড়লেন হার্দিক পান্ডিয়া।
এই ম্যাচে আরও দুই ওভার বল করলেও আর কোনো উইকেট পাননি তিনি।
বিডি-প্রতিদিন/আশফাক