অস্ট্রেলিয়ার সিডনির জনাকীর্ণ এক সমুদ্রসৈকতে সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। সিডনির বিখ্যাত বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুকা উদযাপনের সময় গতকাল সশস্ত্র হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬।
বর্তমানে অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ইংল্যান্ড জাতীয় দল। অ্যাশেজে কমেন্ট্রির দায়িত্ব পালন করছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। বন্দুক হামলার ঘটনায় বেশ ধাক্কা খেয়েছেন এই ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার। বিচের কাছেই একটি রেস্তোরাঁয় ছিলেন তিনি।
সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করে ভন লিখেছেন, ‘এটি ছিল এক ভয়ংকর অভিজ্ঞতা’। তবে তিনি নিশ্চিত করেছেন যে তিনি নিরাপদে বাড়ি পৌঁছেছেন।
মাইকেল ভন জরুরি সেবাদলকে ধন্যবাদও জানিয়েছেন। যারা মুহূর্তের মধ্যেই ব্যবস্থা নিয়েছিলেন, এবং এক সাহসী ব্যক্তিকেও ধন্যবাদ জানান, যিনি ওই বন্দুকধারী সন্ত্রসীর মুখোমুখি হয়েছিলেন। এক্সে ভন লিখেন, ‘বন্ডির একটি রেস্তোরাঁয় আটকা পড়া সত্যিই ভয়ঙ্কর ছিল… এখন নিরাপদে বাড়ি পৌঁছেছি। জরুরি সেবাদলকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই ব্যক্তিকে ধন্যবাদ, যিনি সন্ত্রাসীর মুখোমুখি হয়েছেন… যারা এই ঘটনার ভুক্তভোগী তাদের প্রতি আমার সহানুভূতি।’
ভয়াবহ এই হামলার ঘটনায় দুজন পুলিশ সদস্যও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন সাধারণ মানুষ রাইফেলধারী এক ব্যক্তির হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিচ্ছেন। প্রায় এক মিনিট ত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তিনি বন্দুকধারীকে নিয়ন্ত্রণে আনার পর তার বন্দুক ছিনিয়ে নেন।
বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির অন্যতম বড় পর্যটনকেন্দ্রের কাছে। বন্দুকধারী বন্ডি বিচের কাছাকাছি এলোপাতাড়ি গুলি ছোড়েন, ফলে মানুষ দৌড়ে পালাতে এবং আশ্রয় নিতে বাধ্য হন। আশেপাশের এলাকায় মানুষের ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহও দেখা গেছে।
অ্যাশেজের প্রথম টেস্ট হয়েছিল সিডনিতে। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের পর আগামী বুধবার অ্যাডিলেডে তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আগের দুই ম্যাচে ৮ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
বিডি প্রতিদিন/নাজিম