বাংলাদেশ নারী ভলিবল দল আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালে অনুষ্ঠিতব্য কাভা কাপ ফর উইমেন ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করে আগামী ১৭ ডিসেম্বর অধিনায়ক মোছা. সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি মালের উদ্দেশে রওনা দেবে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশগ্রহণ করবে। ফলে এবারের কাভা কাপ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান দলের সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। তিনি তিন সেট অফিসিয়াল দলীয় কিট সরবরাহ করেন এবং দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন সব ধরনের সহায়তা দিচ্ছে বলে জানান।
ফারুক হাসান বলেন, ‘প্রথমবারের মতো দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে আমাদের নারী ভলিবল দল। মেয়েদের প্রস্তুতি যথেষ্ট ভালো। তারা ট্রফি নিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরবে—এমনটাই আমাদের প্রত্যাশা।’ এ সময় তিনি দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।
এছাড়াও বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে দলের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বলেন, উন্নত প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয় নিয়েই বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫-এ অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল