আগামী বছরের ২৬ মার্চ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। রবিবার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। আর এই সূচি ঘোষণার পরই অনিশ্চয়তায় পড়েছে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফর।
ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ২০২৬ সালের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি ছিল। তবে পিএসএলের সময়সূচির সঙ্গে সংঘাত হওয়ায় এই সিরিজের সময় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, সূচি জটিলতা এড়াতে পিসিবি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শুরু করেছে। আলোচনার ভিত্তিতে বাংলাদেশ সফরের সময় পুনর্নির্ধারণই সবচেয়ে সম্ভাব্য সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে সিরিজটি ‘বিকল্প একটি সময়সূচিতে’ সরিয়ে নেওয়া হবে। তবে সফরের কাঠামো অপরিবর্তিত থাকবে। সূত্রটি জানায়, সিরিজটি পুনঃনির্ধারণ করা হবে। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ম্যাচের সংখ্যা কোনো অবস্থাতেই কমানো হবে না।
সূত্রের ইঙ্গিত অনুযায়ী, নতুন সূচির সঙ্গে মানিয়ে নিতে সীমিত ওভারের অংশে কিছু সমন্বয় আসতে পারে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের ক্রম বা সময়সূচিতে পরিবর্তন করা হতে পারে।
বিডি প্রতিদিন/মুসা