আইপিএলের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা তারকাদের মধ্যে সর্বোচ্চ মূল্য পাওয়ার রেকর্ড গড়েছেন প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। নিলামে দু’জনেরই ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি। সেখান থেকে একাধিক দলের আগ্রহে সেটা গিয়ে থামল ১৪ কোটি রুপিতে।
তাদের দু’জনকেই ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আগের রেকর্ড ছিল পেসার আবেশ খানের। ২০২২ সালে ১০ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।
অলরাউন্ডার কোটায় নিলামে উঠেন উত্তর প্রদেশের ২০ পেরুনো স্পিন অলরাউন্ডার প্রশান্ত। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এবার আলো কেড়ে নিলামে এমন দাম পেলেন তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে পা না রাখা কিপার ব্যাটারদের মধ্যে ছিলেন কার্তিক। রাজস্থানের এই ছেলে ছক্কা মারার জন্য ইতোমধ্যে নাম কুড়িয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৬০-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই