আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। বরং শীর্ষস্থান আরও মজবুত করলেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করে তিনি এক নতুন উচ্চতায় পৌঁছালেন।
বুধবার ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এক নম্বরে থাকা বরুণ এখন ৮১৮ রেটিং পয়েন্টের মালিক। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফির (৬৯৯ পয়েন্ট) চেয়ে ১১৯ পয়েন্টে এগিয়ে আছেন বরুণ। ৩৪ বছর বয়সী এই তারকা নতুন একটি কীর্তিও গড়েছেন। টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকালের সেরা রেটিংধারী বোলারদের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।
এই তালিকায় বরুণের অবস্থান আট নম্বরে। ৮৬৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রেটিংধারী বোলারের রেকর্ড নিজের দখলে রেখেছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল।
বিডি প্রতিদিন/এমআই