আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এর আগের দিনই চট্টগ্রাম রয়্যালস তাদের অধিনায়ক ঘোষণা করেছে। এবার দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার শেখ মেহেদি।
এবারই প্রথমবার বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছেন শেখ মেহেদি। যদিও আগে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলের মালিকানা বিসিবি বুঝে নিয়েছে। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল এবং টিম ডিরেক্টর পদে থাকবেন হাবিবুল বাশার সুমন। এ ছাড়া নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে।
প্রথমে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হলেও পরে সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলসকে প্রধান কোচ হিসেবে নিয়োগের কথা জানা গেছে।
চট্টগ্রাম রয়্যালস এবার শক্তিশালী দল নিয়ে বিপিএলের মাঠে নামছে এবং অধিনায়ক শেখ মেহেদির নেতৃত্বে দলটির লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার।
বিডি-প্রতিদিন/আশফাক