বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ করেছে। এই চুক্তির মাধ্যমে জামাল ভূঁইয়া ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ফ্রি ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ক্রীড়াঙ্গণ, বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পার্টনারশিপের আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ফ্রি ফায়ার গেমে যুক্ত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল জার্সি। এটি ইন-গেম আইটেম হিসেবে বিনামূল্যে পাওয়া যাবে এবং একটি বিশেষ মিশন সম্পন্ন করলেই গেমাররা জার্সিটি আনলক করতে পারবেন।
ফ্রি ফায়ারের ভার্চুয়াল ব্যাটেলফিল্ডে জাতীয় ফুটবল দলের জার্সি পরিধান করে খেলতে পারা দেশের গেমারদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। জামাল ভূঁইয়ার সঙ্গে এই পার্টনারশিপ প্রথম তুলে ধরা হয়েছে ফ্রি ফায়ারের বিশেষ ক্যাম্পেইন ‘উইন্টারল্যান্ডস: ড্রিমস্পেস’ এর মাধ্যমে। ক্যাম্পেইনের ভিডিওতে তাকে একটি প্রতীকী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যিনি অন্যদের স্বপ্ন পূরণে সহায়তা করেন।
ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি জামাল ভূঁইয়া বাস্তব কার্যক্রমেও যুক্ত থাকবেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনস্থ মানিকনগর ফুটবল একাডেমি পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন ফ্রি ফায়ারের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইটজ কাব্বো। এছাড়া জামাল তরুণ ফুটবলার ও ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে মতবিনিময় করবেন, যা ফুটবল ও গেমিং জগতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলবে।
ফ্রি ফায়ারে বাফুফের জার্সি যুক্ত হওয়াকে বাংলাদেশের গেমারদের জন্য বিশেষ ফিচার হিসেবে দেখানো হচ্ছে। এর মাধ্যমে তারা গেম খেলার পাশাপাশি জাতীয় ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে পারবেন।
বিডি প্রতিদিন/মুসা