২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত স্পোর্টস বিজনেস ওয়েবসাইট স্পোর্তিকো। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
আয়ের দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন তিনি। রোনালদোর বার্ষিক আয় ২৬০ মিলিয়ন ডলার, যেখানে মেসির আয় ঠিক তার অর্ধেক। আটটি ভিন্ন খেলার একশ তারকাকে নিয়ে তৈরি এবারের তালিকায় প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর আয়ের বড় অংশই আসে সৌদি ক্লাব আল-নাসর থেকে পাওয়া বেতন বাবদ, যার পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন ডলার। পাশাপাশি মাঠের বাইরের বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে আরও ৬০ মিলিয়ন ডলার যোগ হয়েছে তার আয়ে।
সবচেয়ে বড় চমক দিয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। শুধু রিংয়ে লড়াই করেই তিনি প্রতি ম্যাচে ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় নিশ্চিত করেন। এর বাইরে মেক্সিকোজুড়ে তার নিজস্ব গ্যাস স্টেশন নেটওয়ার্ক ‘ক্যানেলো এনার্জি’, যা বর্তমানে শতাধিক স্টেশনে বিস্তৃত। ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি তালিকার তৃতীয় অবস্থানে আছেন ১৩০ মিলিয়ন ডলার আয় নিয়ে।
ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন করিম বেনজেমা। তিনি আয় করেছেন ১১৫ মিলিয়ন ডলার। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার নিয়ে আছেন দ্বাদশ স্থানে এবং আর্লিং হালান্ড ৭৭ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করে অবস্থান করছেন ১৮ নম্বরে।
সব মিলিয়ে আটটি ভিন্ন খেলার তারকাদের নিয়ে তৈরি এই তালিকার শীর্ষ ১০০ অ্যাথলেটের মোট আয় ছাড়িয়েছে ৬ বিলিয়ন ডলার। তবে এত কিছুর মাঝেও শীর্ষে রয়েছেন সেই একজনই—ক্রিশ্চিয়ানো রোনালদো। পথ বদলালেও রাজত্ব এখনও তার দখলেই।
এবারের তালিকায় বিশ্বের ১০০ জন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদের তালিকায় আমেরিকানরা প্রাধান্য পেয়েছে। এনবিএ এবং এনএফএল-এ আকাশছোঁয়া বেতনের কারণে ৬২টি এন্ট্রি পেয়েছে আমেরিকানরা। তবুও, ক্রীড়াবিদের আর্থিক তালিকার শীর্ষে থাকায় ১২টি ভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী ১৫ জন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়া তারকা রয়েছেন। শীর্ষ পাঁচে একমাত্র আমেরিকান হলেন লেব্রন জেমস। ২০২৫ সালে সর্বোচ্চ বেতনভোগী মহিলা ক্রীড়াবিদের মধ্যে টেনিসের কোকো গফ ছিলেন ৩১ মিলিয়ন ডলার।
বিডি প্রতিদিন/কামাল