সবকিছু ঠিক থাকলে ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপে খেলতে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ মহাতারকার একাদশে জায়গা পোক্ত নয় বলে জানিয়েছেন দেশটির কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেছেন, দলের স্বার্থে কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং রোনালদোকে খেলানো বা না খেলানো নির্ভর করবে পারফরম্যান্স ও দলের প্রয়োজনের ওপর।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস মিডিয়া নেটওয়ার্ক ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা, তার বর্তমান অবস্থা ও ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলেন। তিনি বলেন, রোনালদো দলের গুরুত্বপূর্ণ অংশ হলেও দলের সেরাটা বিবেচনা করে তাকে বেঞ্চে বসানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত।
মার্তিনেজ বলেন,‘দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। কে খেলবে, কে খেলবে না- তা নির্ভর করবে পারফরম্যান্স, মনোভাব ও দলের প্রয়োজনের ওপর।’
রোনালদো পর্তুগালের জার্সিতে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে করেছেন ১৬ গোল। তবে বয়স এখন ৪০ বছর। এ প্রসঙ্গে মার্তিনেজ স্বীকার করেন, ‘রোনালদো আগের মতো নেই এটা স্বাভাবিক। এখন সে একজন পজিশনাল স্ট্রাইকার, ফিনিশার। গত ৩০ ম্যাচে ২৫ গোল করা একজন খেলোয়াড় আমাদের জন্য আশীর্বাদ।’
রোনালদো এর আগেও এমন পরিস্থিতির মুখে পড়েছেন। ইউরো ২০২৪ চলাকালীন তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে চ্যালেঞ্জ পেরিয়ে আবারও জাতীয় দলে নিয়মিত জায়গা করছেন তিনি।
২০২৬ বিশ্বকাপ রোনালদোর শেষ বিশ্বকাপ হতে পারে। ২০০৬ সাল থেকে টানা পাঁচবার বিশ্বকাপে খেলেছেন তিনি। ক্যারিয়ারে প্রায় সব ট্রফি জিতেছেন, তবে বিশ্বকাপ ট্রফি এখনো অধরা।
রোনালদোর নিবেদন ও অভিজ্ঞতাকে প্রশংসা করে মার্তিনেজ বলেন,‘আমরা বর্তমান নিয়েই ভাবি। রোনালদোর নিবেদন, অভিজ্ঞতা ও মনোভাব তাকে আলাদা করে। মাঠে সে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখে, অন্যদের জন্য জায়গা তৈরি করে।’
২০২৬ বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ ‘কে’-তে আছে। ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে ইন্টার-কনফেডারেশন প্লে-অফের জয়ীর বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর টেক্সাসে উজবেকিস্তান ও মায়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।
বিডি প্রতিদিন/মুসা