পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বয়কট করা উচিত। তিনি এ মন্তব্য করেছেন ইউটিউব চ্যানেল কট বিহাইন্ড শো-এ।
রশিদ লতিফ বলেন, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে না খেলে, তাহলে বিশ্বকাপের প্রায় ৫০ শতাংশই কার্যত অচল হয়ে যাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অবস্থান সঠিক এবং পাকিস্তানের জন্য এই মুহূর্তটি সবচেয়ে ভালো সুযোগ।
নিরাপত্তা-সংক্রান্ত আইসিসির আশ্বাস নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। রশিদ লতিফ বলেন, ‘পৃথিবীর কোনো সংস্থা শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। আইসিসি কীভাবে দাবি করছে যে ভারতীয় মাঠে বাংলাদেশি খেলোয়াড়দের কোনো ঝুঁকি নেই।’
তিনি অভিযোগ করেন, আইসিসির সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব রয়েছে। রশিদ লতিফ সতর্ক করে বলেছেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিলে ভবিষ্যতে উভয় দেশই সমালোচনার মুখে পড়তে পারে।
তিনি বলেন, পাকিস্তান না খেললে পুরো টুর্নামেন্ট বড় সংকটে পড়বে। ‘পাকিস্তানই মূল চাবিকাঠি,’ উল্লেখ করে তিনি মনে করিয়েছেন, এটি কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।
বিডি প্রতিদিন/আশিক