ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে খেলোয়াড় উন্নয়ন থেকে শুরু করে কোচিং, আম্পায়ারিং ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে দুই বোর্ড।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারিতে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এমওইউতে স্বাক্ষর হয়। বিসিবির পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেভসি মোসেকি চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতার আওতায় নিয়মিতভাবে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা প্রিটোরিয়ায় সিএসএ-এর সেন্টার অব এক্সেলেন্সে উন্নত মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি চালু করা হবে।
নারী ও পুরুষ উভয় বিভাগের বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় দলের দ্বিপাক্ষিক সফর বাড়ানোর বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া কোচিং ডেভেলপমেন্ট, কারিগরি জ্ঞান আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে বিসিবি ও সিএসএ যৌথভাবে কাজ করবে।
তিন বছর মেয়াদি এই চুক্তি দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।
বিডি প্রতিদিন/কেএইচটি