টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশ-ভারত উত্তেজনার মাঝেই আলোচনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়েও কোনো মন্তব্য করলেন না বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস।ভারতের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের একাধিক প্রশ্ন এড়িয়ে তিনি।
এক ভিডিওতে দেখা যায়, প্রথমে তিনি সাংবাদিকদের প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করেন। পরে বারবার প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।’ এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি।
এই নীরবতা এসেছে এমন এক সময়, যখন এক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করে।
ওই সিদ্ধান্তের পরই বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়-ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল।
আইসিসির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি অভিযোগ করেন, আইসিসি এই ক্ষেত্রে দ্বৈত নীতি অনুসরণ করছে। উদাহরণ হিসেবে তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গ টেনে বলেন, সে সময় ভারত পাকিস্তানে না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তাদের সব ম্যাচ খেলেছিল।
আমিনুল ইসলাম বলেন, ‘যখন একটি দেশ অন্য একটি দেশে যেতে অস্বীকৃতি জানায়, তখন আইসিসি তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করে। তারা একই ভেন্যুতে, একই হোটেলে থেকে খেলেছে। এটি ছিল স্পষ্ট একটি বিশেষ সুবিধা।’
বিসিবি সভাপতি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত রয়েছে, তবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে তারা অনড়। তিনি জানান, ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির কাছে আইনি ও প্রশাসনিক সব পথেই লড়াই চালিয়ে যাবে বিসিবি।
বিডি-প্রতিদিন/তানিয়া