নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই অনুরোধ নাকচ করে দেয়। এরপরও নিজের অবস্থানে অনড় থাকে বিসিবি।
পরবর্তীতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটিতে আবেদন জানায় বিসিবি। কিন্তু এই আবেদন শুনানির পর্যায়েই যায়নি। কারণ বিষয়টি ওই কমিটির এখতিয়ারের বাইরে।
ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় স্পষ্ট বলা আছে, আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এই কমিটির নেই।
এই অবস্থায় বিসিবির সামনে শেষ পথ হিসেবে ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ থাকছে। বিসিবি সে পথেই এগোবে বলে জানা গেছে। তবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ।
নাম প্রকাশ না করার শর্তে আইসিসির একটি সূত্র জানিয়েছে, আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করায় বোর্ড সদস্যরা বিরক্ত হয়েছেন। সূত্রের ভাষ্য অনুযায়ী, আসিফ নজরুলের সঙ্গে আইসিসির কোনো সম্পর্ক নেই। সে কারণে আইসিসিকে আগে অবহিত না করে সংবাদ সম্মেলন করাকে নেতিবাচকভাবে দেখছেন তারা। এ বিষয়ে বুলবুলের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছিল আইসিসি।
বিডি প্রতিদিন/আশিক