নিউজিল্যান্ড ও ভারতের ম্যাচ দিয়ে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্ব। ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর নিউজিল্যান্ড নিচে থেকে গ্রুপপর্ব শেষ করেছে। এর মাধ্যমে সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেছে।
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ হলো ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় হওয়ায় তারা খেলবে ‘সি’ গ্রুপের প্রথম ও তৃতীয় দলের সঙ্গে। প্রথম ম্যাচ ২৬ জানুয়ারি বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিপক্ষে, এবং দ্বিতীয় ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গ্রুপপর্বের চারটি গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল সুপার সিক্সে উঠে। ‘এ’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা উঠে। ‘বি’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সুপার সিক্সে ওঠে।
বর্তমানে ২ নম্বর গ্রুপে বাংলাদেশ কেবল ১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে। ভারতের ৪, ইংল্যান্ডের ৪ এবং পাকিস্তানের ২ পয়েন্ট। বাংলাদেশের নিচে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে রয়েছে। সুপার সিক্সের এই গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।
বিডি প্রতিদিন/মুসা