নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এই ঘটনার পর খেলাধুলা ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস।
বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক প্রচারণামূলক অনুষ্ঠানে রোডস বলেন,'আমি বলতে চাচ্ছি, আমরা সবসময়ই ভাবি খেলাধুলা থেকে রাজনীতিকে আলাদা রাখা যাক… কিন্তু দুঃখের বিষয় হলো, রাজনীতিকে খেলাধুলা থেকে আপনি আলাদা করতে পারবেন না।'
বাংলাদেশের বিশ্বকাপে অংশ নিতে না পারার পেছনে রাজনৈতিক প্রভাবই বড় কারণ বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক ও সমর্থক।
আওয়ামী সরকারের পতনের পর গত বছর বাংলাদেশ সফর স্থগিত করে ভারত। চলতি বছর নিরাপত্তাজনিত অজুহাতে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে করে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে।
পরবর্তীতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার দলকে ভারত সফরে যেতে নিষেধ করে। সরকারের নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন জানায়।
তবে ভারতের ক্ষেত্রে যেভাবে হাইব্রিড মডেল গ্রহণ করা হয়েছিল, বাংলাদেশের জন্য সে ধরনের কোনো ছাড় দেয়নি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের আবেদন আমলে না নিয়ে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নিরপেক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও বিতর্ক আরও তীব্র হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা