ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অর্থের ঝনঝনানি, বাণিজ্য আর রাজস্বের খেলা। যে কারণে প্রতিবার আইসিসির টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ অন্তত একবার রাখাই হয়। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা।
বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নানা ধরনের জলঘোলা করার পর অবশেষে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে না খেলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। এখানেই লেগেছে যত ঝামেলা।
পাকিস্তান আসলেই ভারত ম্যাচ বয়কট করলে আইসিসির আয় কমে যাবে, যার প্রভাব পড়বে গোটা ক্রিকেটবিশ্বেই। যে কারণে পিসিবিকে আগেই সতর্কবার্তা দিয়ে রেখেছে আইসিসি।
এবার আইসিসিকে নতুন এক পরামর্শ দিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। আইসিসির টুর্নামেন্টে ভারত-পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেছেন, ‘ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা না করে, ড্র যেভাবে হয়ে থাকে, সেভাবেই আইসিসির এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয়তো সময় হয়েছে। আমি জানি, এটা কেন হয়েছে। ২০০৭ সালে (ওয়ানডে বিশ্বকাপে) ভারত ও পাকিস্তানের কোনো এক পর্যায়ে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল; কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি কারণ তারা ভিন্ন গ্রুপে ছিল এবং আগেভাগে বিদায় নিয়েছিল। তখন থেকে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা চলে আসছে।’
গাভাস্কার আরও বলেন, ‘(পাকিস্তান না খেললে) ভারতের ক্ষেত্রে যা হবে, তারা দুই পয়েন্ট পাবে। এই বিষয়ে তাদের (ভারত) অতি চেষ্টারও কিছু নেই- এমন নয় যে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের জন্য তারা ঘাম ঝরাবে, কারণ সাম্প্রতিক সময়ে অনায়াসে তারা পাকিস্তানকে হারিয়েছে। আমাদের কেবল কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে, পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত আসলে কেন নিয়েছে।’
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের।
বিডি প্রতিদিন/নাজিম