হতাশায় ক্রিজে বসে পড়েছিলেন লোকেশ বম। গ্যালারিতে নেপালি সমর্থকদের চোখে-মুখে তখন বিস্ময় আর বেদনা, কেউ কেউ চোখের জলও ধরে রাখতে পারেননি। কারণ, এমন একটি ম্যাচ জয়ের সুযোগ হয়তো খুব ঘন ঘন আসে না। অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া করল নেপাল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যায় নেপাল। শেষ ৬ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ৬২ রান। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ১০ রানে। কিন্তু স্নায়ুচাপে ভেঙে না পড়ে নিখুঁত বোলিং করেন স্যাম কারেন। তার শেষ ওভারের দৃঢ়তায় তীরে এসে তরী ডোবে নেপালের।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৮৪ রান। ইংলিশ ইনিংসে ফিফটি করেন অধিনায়ক হ্যারি ব্রুক ও তিন নম্বরে নামা জ্যাকব বেথেল। শেষদিকে উইল জ্যাকসের ঝড়ো ইনিংসে শক্ত ভিত পায় ইংল্যান্ড। ৪টি ছক্কা ও ১টি চারে মাত্র ১৮ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি।
জবাবে নেপাল শুরু থেকেই লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮০ রানেই থামে তাদের ইনিংস। লোকেশ বমের ২০ বলে ৩৯ রানের ঝকঝকে ইনিংসটি জয় এনে দিতে না পারলেও নেপালের সাহসী লড়াইয়ের প্রতীক হয়ে থাকে।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন উইল জ্যাকস। ব্যাট হাতে ঝড়ো রান করার পাশাপাশি বল হাতেও অবদান রাখেন তিনি। ২ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন নেপালি ওপেনার কুশল ভুর্তেলের গুরুত্বপূর্ণ উইকেট।
এই জয়ে হাঁপ ছেড়ে বাঁচে ইংল্যান্ড, আর অল্পের জন্য ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ নেপাল। গ্রুপ পর্বে ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বিডি প্রতিদিন/মুসা