টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে এই ম্যাচটি বাতিল হলে আইসিসি ও আয়োজক শ্রীলঙ্কা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। ব্রডকাস্টাররাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ক্ষতি সামাল দিতে পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে আইসিসি।
এই সমস্যা সমাধানে আলোচনা করতে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে আইসিসি। সেখানে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। পিসিবির ঘনিষ্ঠ সূত্রগুলো সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পথে বড় কোনো বাধা আর নেই।
সংশ্লিষ্টরা আশাবাদী যে শিগগিরই সমস্যার সমাধান হবে এবং পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হবে। এ প্রসঙ্গে পিসিবির একটি সূত্র আইএএনএসকে বলেছেন, বৈঠক চলছে এবং ফেব্রুয়ারি ১৫ তারিখে ভারত–পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
এর আগে পিসিবি ঘোষণা দিয়েছিল, তারা কলম্বোতে নির্ধারিত ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে না। পাকিস্তান সরকারের অনুমোদনে বিশ্বকাপে অংশ নেওয়ার শর্ত হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সরকারের অবস্থান ছিল বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে নামবে না তারা।
পাকিস্তানের এই ঘোষণার পরপরই আইসিসি পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করে। আইসিসি পিসিবিকে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার আহ্বান জানায় এবং সতর্ক করে দেয় যে নির্বাচিত ম্যাচ বর্জনের মতো সিদ্ধান্ত বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
আইসিসি আশা করছে, পিসিবি এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাবগুলো বিবেচনা করবে। কারণ এমন সিদ্ধান্ত শুধু পাকিস্তানের ক্রিকেটকেই প্রভাবিত করবে না, বরং বিশ্ব ক্রিকেটকেও প্রভাবিত করতে পারে।
সূত্র: আইএএনএস
বিডি প্রতিদিন/মুসা