২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক স্মরণীয় লড়াই দেখিয়েছে। শেষ পর্যন্ত ফল তাদের পক্ষে না এলেও, সাহসী পারফরম্যান্সে ক্রিকেটবিশ্বের মন জয় করেছেন নেপালের ক্রিকেটাররা।
ম্যাচ শেষে নেপাল অধিনায়ক রোহিত পাউডেল দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, 'এমন হার নিয়ে হতাশা আছে, তবে একই সঙ্গে আমি দল নিয়ে গর্বিত। এটা সত্যিই প্রশংসার যোগ্য। আজ মাঠে নামার আগে দলের প্রতি আমার একটাই বার্তা ছিল, আমরা ১১০ শতাংশ দেব। আর ছেলেরা পুরোটা দিয়েছে। আমি তাদের নিয়ে গর্বিত।'
বিশ্বকাপে নেপালের লক্ষ্য ও মানসিকতা স্পষ্ট করে রোহিত আরও বলেন, 'আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, আমরা লড়াই করতে এসেছি। আমরা বিশ্বাস করি, যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো দলকে হারাতে পারব। আজ আমরা সেরা ক্রিকেট খেলেছি বলেই মনে করি।'
শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে থাকার প্রসঙ্গ টেনে নেপাল অধিনায়ক বলেন, 'ফলাফল আমাদের পক্ষে যায়নি, কিন্তু প্রচেষ্টার দিক থেকে আমরা ১০০ শতাংশ দিয়েছি।'
ডেথ ওভারে পারফরম্যান্স নিয়েও কথা বলেন রোহিত পাউডেল। তিনি জানান, শেষ ওভার পর্যন্ত নেপালের জয়ের আশা ছিল, তবে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান সব সম্ভাবনা শেষ করে দেন। রোহিত বলেন 'আমি মনে করি, ডেথ বোলিংয়ে আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে। ইংল্যান্ডও কিছুটা সমস্যায় ছিল, তবে স্যাম কারান খুব ভালো বোলিং করেছে। ডেথ ওভারে ইয়র্কার দেওয়া বোলারদের জন্য কঠিন, কিন্তু আমরা এই জায়গায় উন্নতি করব।'
বিডি প্রতিদিন/মুসা