শেষ দুই ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান তুললেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাহিবজাদা ফারহানের ঝকঝকে হাফসেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ১৯০ রান তোলে তারা।
কলম্বোয় টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান ৩১ বলে ৫৪ রানের জুটি গড়েন। সাইম ১৭ বলে ১৯ রান করে ফিরলেও ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন ফারহান।
অধিনায়ক সালমান আগা ব্যর্থ হয়ে করেন মাত্র ১ রান। এরপর বাবর আজম ইনিংস গড়ার চেষ্টা করলেও ফিফটির কাছে এসে থামেন। ৩২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ফারহান অবশ্য নিজের ইনিংসটিকে আরও বড় করেন। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা এই ওপেনার শেষ পর্যন্ত ৪১ বলে ৭৩ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।
মাঝে ক্রিজে নেমে ঝড় তোলেন শাদাব খান। ৪টি চার ও ১টি ছক্কায় ১২ বলে দ্রুত ৩০ রান করেন এই অলরাউন্ডার। তবে শেষ দিকে একের পর এক উইকেট হারানোয় বড় সংগ্রহের সম্ভাবনা কিছুটা কমে যায়। শেষদিকে শাহিন শাহ আফ্রিদি ৪ বলে ৯ রান যোগ করেন।
যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার শাডলে ফন শালকউইক। তিনি ২৫ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন।
বিডি প্রতিদিন/মুসা