প্রথম ম্যাচের পর পুরস্কার বিতরণীতে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, অভিশেক শর্মা পুরোপুরি সুস্থ নন। তবে সেই অসুস্থতা যে এতটা গুরুতর, তা জানা যায়নি তখন। এবার জানা গেল, পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, গত দুইদিন ধরেই হাসপাতালে আছেন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। আপাতত যে অবস্থা, নামিবিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে অভিশেকের মাঠে নামা নিয়ে শঙ্ক আছে, ভারতীয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে পিটিআইকে।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলে আউট হয়েছিলেন অভিশেক। ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েছিলেন আগ্রাসী এই ব্যাটসম্যান। পরে সেদিন আর ফিল্ডিংয়ে নামেননি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেছিলেন, অভিশেক পেটে সমস্যায় ভুগছেন এবং দুই-তিনদিনের মধ্যে ঠিক হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
অভিশেক শেষ পর্যন্ত খেলতে না পারলে নামিবিয়ার বিপক্ষে ইনিংস শুরু করবেন সাঞ্জু স্যামসন। নিজে ফর্ম হারিয়ে আর ইশান কিষানের দারুণ ফর্ম মিলিয়ে একাদশে জায়গা হারিয়ে ফেলেছেন তিনি। এবার নিজেকে মেলে ধরার সুযোগ আবার পেতে পারেন তিনি।
ভারতের জন্য একটি সুখবর অবশ্য আছে। জ্বর থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। মঙ্গলবার দিল্লিতে দলের সঙ্গে অনুশীলন করেছেন ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র। এছাড়াও চোট কাটিয়ে অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দার। ব্যাটিং-বোলিং দুটিই অনুশীলন করেছেন তিনি। এই স্পিনিং অলরাউন্ডারের অবশ্য একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা সামান্যই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ