ব্যাট হতে ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসের পর বোলিংয়ে রাখলেন কার্যকর ভূমিকা। এমন পারফরম্যান্সে অনায়াসে ম্যাচ সেরা হতে পারতেন শাদাব খান। তবে বিস্ফোরক ইনিংসে তাকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন সাহিবজাদা ফারহান।
কলম্বোয় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের ম্যাচে ৩২ রানে জিতেছে পাকিস্তান। ১৯০ রানের বড় সংগ্রহ গড়ে যুক্তরাষ্ট্রকে ১৫৮ রানে থামিয়েছে তারা। গতবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছিল পাকিস্তান। এই আসরে দুই দলের প্রথম ম্যাচের পর, অঘটনের পুনরাবৃত্তি হতে পারে বলে ধারণা করেছিলেন অনেকেই। তবে আগ্রাসী ব্যাটিংয়ে সেই শঙ্কা অনেকটাই দূর করে দেন সাহিবজাদা।
পাকিস্তানের হয়ে কেবল টি-টোয়েন্টিতেই খেলেন এই ওপেনার। ৪১ ম্যাচে চতুর্থবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি। গত বছর দুইবার জিতেছিলেন বাংলাদেশের বিপক্ষে, একবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।
সাইম আইয়ুবের সঙ্গে ৫৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সাহিবজাদা। অধিনায়ক সালমান আলি আগার দ্রুত বিদায়ের পর, বাবর আজমের সঙ্গে আরেকটি ভালো জুটি গড়েন তিনি। ২৭ বলে পঞ্চাশ স্পর্শ করেন সাহিবজাদা। বাবরের সঙ্গে তার পঞ্চাশ রানের জুটি আসে ৩৮ বলে। বাবরের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি সাহিবজাদা। ৪১ বলে ফেরেন পাঁচ ছক্কা ও ছয় চারে ৭৩ রানের ইনিংস খেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ