আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের অন্যতম তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। টুর্নামেন্টের শুরুতেই এমন দুঃসংবাদ লঙ্কান শিবিরে উদ্বেগ ছড়িয়েছে। টুর্নামেন্টে হাসারাঙ্গার পরিবর্তে দলে ডাক পেয়েছেন দুশান হেমন্ত।
কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বল হাতে দারুণ ছন্দে ছিলেন হাসারাঙ্গা। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রভাবও ফেলেছিলেন। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। পরবর্তী মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়-বিশ্বকাপের বাকি অংশে আর মাঠে নামা হচ্ছে না এই লেগ-স্পিনিং অলরাউন্ডারের।
হাসারাঙ্গার অনুপস্থিতি নিঃসন্দেহে বড় শূন্যতা তৈরি করবে শ্রীলঙ্কা দলে। মাঝের ওভারে উইকেট তোলা এবং প্রয়োজনে ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্য-দুই ক্ষেত্রেই তিনি ছিলেন দলের অন্যতম ভরসা।
তবে বিপর্যয়ের মাঝেই নতুন সম্ভাবনার নাম দুশান হেমন্ত। ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে ৩০ বছর বয়সী এই লেগ-স্পিনারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া হেমন্ত এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। বল হাতে বৈচিত্র্য আনার পাশাপাশি নিচের সারিতে কার্যকর ব্যাটিং করার সামর্থ্যও রয়েছে তার।
বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগ পাচ্ছেন হেমন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচেই হয়তো দেখা যাবে তার প্রথম বড় পরীক্ষা।
বিডি-প্রতিদিন/তানিয়া