টটেনহ্যাম হটস্পারে কোচের চাকরি হারালেন টমাস ফ্র্যাঙ্ক। মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের হারের পর তাকে চাকরিচ্যুত করেছে ইপিএলের ক্লাবটি।
বর্তমানে ইপিএলে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে আছে টটেনহ্যাম। এই মুহূর্তে অবনমন অঞ্চল থেকে মাত্র ৫ পয়েন্ট ওপরে অবস্থান করছে তারা। লিগে শেষ আট ম্যাচ ধরে জয়হীন স্পার্স। ২০০৮ সালের অক্টোবরের পর যা তাদের সবচেয়ে দীর্ঘ জয়খরা।
শেষ ১৭ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়েছে টটেনহ্যাম। এ সময়ে এই ম্যাচগুলো থেকে তাদের অর্জন ১২ পয়েন্ট।
এক বিবৃতিতে টটেনহ্যাম জানায়, ভবিষ্যতের জন্য দল হিসেবে গড়ে তুলতে তারা ফ্র্যাঙ্ককে যথেষ্ট সময় ও প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। কিন্তু সাম্প্রতিক ফল বলছে এই মুহূর্তে পরিবর্তন জরুরি।
প্রিমিয়ার লিগে এই মৌসুমে সাতটি জয়, আটটি ড্র এবং ১১টি হারের মিশ্র রেকর্ডের মধ্যেও এই ডেনিশ কোচ স্পার্সকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে সরাসরি শেষ ষোলোতে ওঠার যোগ্যতা এনে দেন।
তবে দুইটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকেই ছিটকে গেছে তারা। অক্টোবরে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে নিউক্যাসলের কাছে এবং গত মাসে এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলার কাছে পরাজিত হয় ফ্র্যাঙ্কের দল।
গত মৌসুমে অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পস্তেকগ্লুর অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছিল টটেনহ্যাম। কিন্তু লিগে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান তিনি। নতুন মৌসুম শুরুর আগে ব্রেন্টফোর্ডের ৫২ বছর বয়সী কোচ ফ্র্যাঙ্ককে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিতে নিয়োগ দেয় ক্লাবটি। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে মাত্র ৮ মাসেই চাকরি হারালেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ