ব্যাটারদের সম্মিলিত অবদান ও পরে বোলারদের নিয়ন্ত্রিত আগ্রাসনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল অস্ট্রেলিয়া। কলম্বোয় আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে তারা।
বুধবার বিকেলের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১১৫ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
এটি চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। অন্যদিকে, টানা দুই হারে ইতিমধ্যেই চাপে পড়ে গেছে আইরিশরা।
রান তাড়ায় নেমেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম বলেই চোট পেয়ে মাঠ ছাড়েন পল স্টারলিং। এরপর দ্রুত উইকেট হারিয়ে ৪৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি।
নাথান এলিস ছিলেন সবচেয়ে বিধ্বংসী। এক মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। অন্য প্রান্তে অ্যাডাম জাম্পাও সমান তালে আঘাত হানেন, ২৩ রান খরচায় তার শিকার ৪ উইকেট।
মধ্যভাগে জর্জ ডকরেল ২৯ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেললেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। বড় লক্ষ্য তাড়া করার মতো ভিত্তি গড়তে পারেনি আয়ারল্যান্ড।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে কেউ ফিফটি না পেলেও কয়েকজন ব্যাটারের কার্যকর অবদান দলকে বড় সংগ্রহ এনে দেয়। ২৯ বলে ৪৫ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন মার্কাস স্টয়নিস। জশ ইংলিস ১৭ বলে ৩৭ ও ম্যাট রেনশ ৩৩ বলে ৩৭ রান যোগ করেন।
নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ চোটের কারনে এই ম্যাচে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন ট্রাভিস হেড।
বিডি প্রতিদিন/মুসা