স্কটল্যান্ডের বিপক্ষে ১৫৩ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সামনে। শুরুর ধাক্কা সামলেও শেষ পর্যন্ত টম ব্যান্টনের দায়িত্বশীল ইনিংসে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানের পরাজয়ের পর হ্যারি ব্রুকের দল এ ম্যাচে ঘুরে দাঁড়ালো। অন্যদিকে টুর্নামেন্টে এটি স্কটল্যান্ডের টানা দ্বিতীয় হার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। আগে ব্যাট করে স্কটল্যান্ড ১৯.৪ ওভারে অলআউট হয়ে তোলে ১৫২ রান।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম ওভারের তৃতীয় বলেই ২ রান করে ফেরেন ফিল সল্ট। পরের ওভারে ৩ রান করে আউট হন জস বাটলার। মাত্র ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
এ সময় দলকে টেনে তোলেন জ্যাকব বেথেল ও টম ব্যান্টন। তৃতীয় উইকেটে তাদের ৬৬ রানের জুটি ইংল্যান্ডকে ম্যাচে ফেরায়। বেথেল ৩২ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ৪ রান করে বিদায় নিলে ৮৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে আবারও কিছুটা চাপে পড়ে ইংলিশরা।
তবে এক প্রান্ত আগলে রাখেন ব্যান্টন। পঞ্চম উইকেটে স্যাম কারানের সঙ্গে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। কারান ২৮ রান করে ফিরলেও ব্যান্টন ছিলেন অবিচল। শেষ পর্যন্ত ৪ চার ও ৩ ছক্কায় ৪১ বলে অপরাজিত ৬৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। উইল জ্যাকস ১৬ রান করে অপরাজিত ছিলেন।
স্কটল্যান্ডের হয়ে মার্ক ওয়াট ছাড়া প্রত্যেক বোলার একটি করে উইকেট নেন।
এর আগে স্কটল্যান্ডের হয়ে অধিনায়ক রিচি বেরিংটন সর্বোচ্চ ৪৯ রান করেন ৫ চার ও ২ ছক্কায়। মাইকেল জোন্স ২০ বলে ৩৩, টম ব্রুস ২৪ এবং অলিভার ডেভিডসন অপরাজিত ২০ রান যোগ করেন। ৪২ রানে ৩ উইকেট হারানোর পর বেরিংটন ও ব্রুসের ৭১ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৩ উইকেট নেন। জোফরা আর্চার ও লিয়াম ডসন দুটি করে এবং ওভারটন ও স্যাম কারান একটি করে উইকেট শিকার করেন।
বিডি প্রতিদিন/মুসা