চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে অভিশেক শর্মার খেলা নিয়ে ধোঁয়াশা কাটালেন ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব। পেটের পীড়ায় মাঠের বাইরে থাকা এই ওপেনারের ফেরার ইঙ্গিত দিলেন তিনি, তাও আবার রসিকতার ছলে।
রবিবার কলম্বোয় গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি অভিশেক। দিল্লিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ম্যাচের আগের দিন হাসপাতাল থেকে ফিরলেও তাকে একাদশে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করেনি টিম ম্যানেজমেন্ট।
সংবাদ সম্মেলনে অভিশেকের খেলা নিয়ে প্রশ্ন উঠতেই সুর্যকুমার হালকা হাস্যরসের ভঙ্গিতে বলেন, 'যদি পাকিস্তান চায় যে আমরা অভিশেককে খেলাই, তাহলে ঠিক আছে সে আগামীকাল খেলবে।'
এর আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাও অভিশেকের খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, 'আমি সত্যিই চাই সে খেলুক। আমরা জানি সে কত ভালো খেলোয়াড়। আমরা প্রতিপক্ষের সেরা দলের বিপক্ষে খেলতে চাই। আশা করি সে পুরোপুরি সুস্থ হয়ে আগামীকাল মাঠে নামবে।'
বিডি প্রতিদিন/মুসা