লা লিগার শিরোপা দৌড়ে নতুন মোড়। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে সাময়িকভাবে টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। জোড়া পেনাল্টি থেকে গোল করে ম্যাচের কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়ুস জুনিয়র। কোচ আলভারো আরবেলোয়ার অধীনে টানা পঞ্চম জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর লস ব্লাঙ্কোসরা। সোমবার বার্সেলোনার ম্যাচের আগে দুই পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করল রিয়াল।
শুরুতেই আঘাত হানে স্বাগতিকরা। পঞ্চম মিনিটে ইনজুরি কাটিয়ে ফেরা ট্রেন্ড আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে হেডে গোল করেন গনজালো গার্সিয়া। তবে ২১ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান মিকেল ওয়ারাজাবাল-ডিন হুইসেনের ফাউলে পাওয়া স্পট কিক কাজে লাগান তিনি।
সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরই বক্সে জন আরামবোরোর ফাউলে পেনাল্টি আদায় করেন ভিনিসিয়ুস নিজেই এবং ঠাণ্ডা মাথায় নিচের কর্নারে শট রেখে দলকে আবার লিড এনে দেন। ৩১ মিনিটে ফেদে ভালভার্দের দূরপাল্লার দুর্দান্ত গোল ব্যবধান বাড়ায় ৩-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পেনাল্টি। ৪৬তম মিনিটে ভিনিসিয়ুস নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-১ করেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হ্যাটট্রিকের সম্ভাবনাও জেগেছিল, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
চলতি মৌসুমে লা লিগায় এটি রিয়ালের ১৩তম পেনাল্টি-ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা সর্বোচ্চ। একই ম্যাচে দুই বা তার বেশি পেনাল্টি আদায় ও গোল করার বিরল কীর্তিতেও নাম লেখালেন ভিনিসিয়ুস। সর্বশেষ ২০১৫ সালে এমন কীর্তি গড়েছিলেন নেইমার।
কিডি-প্রতিদিন/তানিয়া